চাটগাঁ নিউজ ডেস্ক: আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দকে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও উসকানিমূলক তথ্যের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম।
আজ রোববার (৪ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে ১৭টি থানার পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও জেলা পর্যায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
সভায় জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সভাপতিত্বে বাংলাদেশ আনসার ও ভিডিপি চট্টগ্রামের জেলা কমান্ড্যান্ট মো. সেফাউল হোসেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ, সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা এবং পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা, ভক্তদের নির্বিঘ্ন চলাচল, নারী ও শিশুদের বিশেষ নিরাপত্তা, সিসি ক্যামেরা স্থাপন ও সচল রাখা, পর্যাপ্ত আলোকসজ্জা ও বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা, স্বেচ্ছাসেবক নিয়োগ এবং অগ্নিনিরাপত্তাসহ বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা দেওয়া হয়।
পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দকে কোনো তথ্য যাচাই ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার না করার জন্য আহ্বান জানানো হয়। কোনো গুজব বা বিভ্রান্তিকর তথ্য নজরে এলে দ্রুত পুলিশকে অবহিত করতে বলা হয়। একই সঙ্গে গুজব বা উসকানির মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা হলে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে পুলিশকে তথ্য দেওয়ার জন্য অনুরোধ করা হয়।
নারী ভক্তদের যেকোনো সমস্যা দ্রুত শনাক্ত ও সমাধানে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং শিশুদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখতে বিভিন্ন ধর্ম, শ্রেণি-পেশা ও সামাজিক প্রতিনিধিদের সমন্বয়ে সম্প্রীতি কমিটি গঠনের পরামর্শ দেওয়া হয়।
এছাড়া স্থানীয় মসজিদ, ধর্মীয় নেতা, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়।
এ ছাড়া মাইক ব্যবহারের ক্ষেত্রে নির্ধারিত শব্দমাত্রা ও সময়সীমা মেনে চলার জন্য পূজা উদ্যাপন পরিষদের নেতৃবৃন্দকে অনুরোধ করা হয়। পার্শ্ববর্তী মসজিদে আজান ও নামাজের সময় বিশেষ সতর্কতা ও সংবেদনশীলতা অবলম্বনের আহ্বান জানানো হয়।
যেকোনো উদ্ভূত পরিস্থিতি বা ছোটখাটো বিরোধ যাতে বড় ঘটনায় রূপ না নেয়, সে জন্য সংশ্লিষ্ট সবাইকে দ্রুত সমন্বিতভাবে উদ্যোগ নেওয়ার পরামর্শ দেওয়া হয়। কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় আইন নিজের হাতে না নিয়ে তাৎক্ষণিকভাবে পুলিশকে অবহিত করার জন্যও আহ্বান জানানো হয়।
সভায় জেলার বিভিন্ন থানা থেকে আসা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার পূজামণ্ডপের নিরাপত্তা, সম্ভাব্য সমস্যা, স্থানীয় পরিস্থিতি ও প্রয়োজনীয় সহযোগিতার বিষয়ে মতামত ও পরামর্শ তুলে ধরেন। জেলা পুলিশ তাদের মতামত গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেয়।
আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তি, সম্প্রীতি, নিরাপত্তা ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে পূজা উদ্যাপন পরিষদ, পূজারী, ভক্তবৃন্দ, স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের জনগণের আন্তরিক সহযোগিতা কামনা করেছে চট্টগ্রাম জেলা পুলিশ।
চাটগাঁ নিউজ/জেএইচ






