চাটগাঁ নিউজ ডেস্ক: ফেনীতে মহাসড়কে দায়িত্ব পালনকালে চট্টগ্রামমুখী একটি ট্রাকের চাপায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) উপসহকারী পরিচালক (ডিএডি) মো. আলমগীর হোসেন (৫৫) নিহত হয়েছেন।
রোববার (৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফতেহপুর এলাকায় স্টার লাইন ফিলিং স্টেশনের কাছে বিকন মডেল কলেজ সড়কের মুখে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলমগীর হোসেন নেত্রকোনার কেন্দুয়া উপজেলার মনাকিয়া গ্রামের মৃত নূর উদ্দিন আহমেদের ছেলে। তিনি পাঁচ সন্তানের জনক ছিলেন। সেনাবাহিনীর ওয়ারেন্ট অফিসার পদমর্যাদার আলমগীর ২০২৫ সালের ৩০ এপ্রিল প্রেষণে তৎকালীন র্যাবে যোগ দেন। পরে বাহিনীর সাংগঠনিক পরিবর্তনের পর চলতি বছরের ১৭ মে এসআরবি-৭ ফেনী ক্যাম্পে উপসহকারী পরিচালক হিসেবে দায়িত্ব নেন।
হাইওয়ে পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, রাতে ফতেহপুর এলাকায় সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালাচ্ছিলেন এসআরবি সদস্যরা। একটি কাভার্ডভ্যান তল্লাশির সময় পাশ দিয়ে আসা একটি ট্রাককে থামার সংকেত দেওয়া হয়। তবে চালক সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় ট্রাকটি আলমগীর হোসেনকে চাপা দিয়ে মহাসড়কের পাশের গর্তে পড়ে যায়।
পরে জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে মহিপাল হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলমগীর হোসেন ও ট্রাকচালককে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাদের ফেনী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক আলমগীর হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত ট্রাকচালক সজীব (৩০) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার সময় কাছাকাছি অবস্থানে থাকা এসআরবি-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মিজানুর রহমান বলেন, চেকপোস্টে দায়িত্ব পালনের সময় তার কাছেই দাঁড়িয়ে ছিলেন আলমগীর। হঠাৎ ট্রাকটি এসে তাকে চাপা দেয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি।
তিনি বলেন, আলমগীর হোসেন ছিলেন দক্ষ ও দায়িত্বশীল কর্মকর্তা। তার মৃত্যুতে এসআরবির সদস্যদের মধ্যে শোক নেমে এসেছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ময়নাতদন্ত ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে সামরিক মর্যাদায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, দুর্ঘটনায় ট্রাকচালক নিজেও আহত হয়েছেন। তিনি বর্তমানে এসআরবির হেফাজতে চিকিৎসাধীন। মহাসড়কে দুর্ঘটনার ঘটনায় হাইওয়ে পুলিশ মামলা ও পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






