সাজেকে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীর গোলাগুলিতে শিশু গুলিবিদ্ধ

চাটগাঁ নিউজ ডেস্ক: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে দুই আঞ্চলিক সংগঠনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় সঞ্জিতা ত্রিপুরা (৯) নামে এক শিশু গুলিবিদ্ধ হয়েছে।

আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সাজেকের মাচালং এলাকার চাইল্যাতলীতে এ গোলাগুলির ঘটনা ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ওই এলাকায় দুই পক্ষের মধ্যে দফায় দফায় গোলাগুলি হয়। এ সময় সঞ্জিতা ত্রিপুরার বাম হাতে গুলি লাগে। গুলিবিদ্ধ শিশু মাচালং এলাকার মন্দিরছড়া পাড়ার অলেন্দ্র ত্রিপুরার মেয়ে। সে মাচালং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।

সূত্রে আরো জানা গেছে, সাজেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি ও ইউনাইটেড পিপলস ডেমোক্র্যাটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জেরে মাঝেমধ্যে গোলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটে।

সকালে গোলাগুলির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বিশেষ করে সংঘাতের মধ্যে একটি শিশু গুলিবিদ্ধ হওয়ায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার পর এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সকালে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়েছে। এ সময় এক শিশুর বাম হাতে গুলি লাগে। পরে স্থানীয় চিকিৎসকের মাধ্যমে শিশুটির হাত থেকে গুলি বের করা হয়েছে। বর্তমানে সে সুস্থ রয়েছে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top