আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের গেমস প্লেয়ার এক্সপেরিয়েন্স বিভাগের প্রকৌশল শাখার পরিচালক জোনাথন ম্যাককিনসিকে (৪০) গুলি করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে তার ৭৭ বছর বয়সী শ্বশুর শৌইয়ং ঝাং ও শাশুড়ি শিলি চেনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, স্থানীয় সময় শনিবার বিকেলে সান ফ্রান্সিসকো থেকে ৫৬ কিলোমিটার পূর্বে ডাবলিনের একটি গাড়ি পার্কিং এলাকায় একাধিক গুলিবিদ্ধ অবস্থায় জোনাথনের মরদেহ পাওয়া যায়। ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করা হয়। প্রত্যক্ষদর্শীরা পরপর কয়েকটি গুলির শব্দ শোনার পর জোনাথনকে রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেন এবং অভিযুক্ত বৃদ্ধ দম্পতিকে স্বাভাবিকভাবে হেঁটে চলে যেতে দেখেছেন বলে জানান।
ঘটনার মাত্র কয়েক মিনিট পর ঘটনাস্থলের পাশ থেকেই ওই দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ফার্স্ট ডিগ্রি হত্যা, অপরাধমূলক ষড়যন্ত্র, চরম অবহেলার সঙ্গে অস্ত্র ব্যবহার এবং শিশুকে বিপদের মুখে ফেলার মতো গুরুতর অভিযোগ আনা হয়েছে। বর্তমানে তাদের সান্তা রিটা কারাগারে রাখা হয়েছে এবং আগামীকাল বুধবার আদালতে হাজির করে আনুষ্ঠানিকভাবে অভিযোগের মুখোমুখি করা হবে।
সিএনএন এর প্রতিবেদনে বলা হয়েছে, জোনাথনের সঙ্গে তার স্ত্রী ক্যান্ডিস ঝাংয়ের বিবাহবিচ্ছেদের মামলা চলছিল এবং এর মাত্র এক সপ্তাহ পরেই মামলার শুনানির তারিখ নির্ধারিত ছিল।
২০১২ সাল থেকে তারা বিবাহিত ছিলেন এবং তাদের তিনটি সন্তান রয়েছে। তবে এই হত্যাকাণ্ডের সুনির্দিষ্ট কারণ বা সম্ভাব্য উদ্দেশ্য সম্পর্কে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।
চাটগাঁ নিউজ/জেএইচ






