চাটগাঁ নিউজ ডেস্ক: সুন্নি ঘরানার বক্তা মাওলানা আতাউল বারী আলকাদেরীর একটি বক্তব্য নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাকে মসজিদের মিম্বারে দাঁড়িয়ে চট্টগ্রামের বিভিন্ন এলাকার মানুষকে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে বক্তব্য দিতে শোনা যায়।
ভিডিওতে আতাউল বারী বলেন, ‘রাউজানের মানুষ আগে জান্নাতে যাবে। কারণ এই রাউজানের মধ্যে শতকরা ৯০ জন সুন্নি এবং শতকরা ৯০ জন আশেকে রাসুল। রাউজানের পরে রাঙ্গুনিয়া যাবে। তারপরে হাটহাজারী যাবে। তারপর বাঁশখালী যাবে। তারপরে আনোয়ারা যাবে। তারপরে পটিয়া যাবে।’
তিনি আরও বলেন, ‘এভাবে যেতে যেতে পুরো চট্টগ্রামবাসীকে আল্লাহ জান্নাত দেওয়ার পরে তারপর অন্য জেলার মানুষ যাবে। কারণ চট্টগ্রাম হচ্ছে সুন্নিয়তের ক্যান্টনমেন্ট। যেখানে শতকরা ৯০ জন সুন্নি এবং আশেকে রাসুল।’
বক্তব্যে তিনি আরও বলেন, ‘হাদিসে পাকের মধ্যে আছে, আমার নবী বলেন, কেয়ামতের আগে ৭৩টা দল হবে। এ ৭৩টা দলের মধ্যে ৭২ দল জাহান্নামে যাবে। একদল জান্নাতে যাবে। সেটা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত।’
এরপর তিনি বলেন, ‘সুতরাং জান্নাতে যেতে চাইলে সুন্নি হয়ে যান। নামের আগে সুন্নি লাগায়ে দেন।’
মাওলানা আতাউল বারী আলকাদেরী সুন্নি বা রেজভী ধারার স্থানীয় বক্তা হিসেবে পরিচিত। সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন বক্তব্যের কারণে এর আগেও তিনি আলোচনায় এসেছেন।
স্থানীয়দের তথ্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে থাকা বিভিন্ন তথ্য অনুযায়ী, তার বাড়ি চট্টগ্রামের বাঁশখালী উপজেলার গণ্ডামারা এলাকায়। তবে ভাইরাল ভিডিওটি কবে এবং কোথায় ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।
চাটগাঁ নিউজ/এমকেএন






