চাটগাঁ নিউজ ডেস্ক: দেশে ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৪২ জন ডেঙ্গু রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে ২১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৩০১ জন, ঢাকা বিভাগের সিটি কর্পোরেশন এলাকার বাইরে ৩৭৮ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭৮ জন এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২২৯ জন রয়েছেন।
এ ছাড়া খুলনা বিভাগে ২৬৪ জন, ময়মনসিংহে ১২০ জন, রাজশাহীতে ১৯৭ জন, রংপুরে ৫৬ জন এবং সিলেট বিভাগে ছয়জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
চলতি বছরের ২৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৭ হাজার ৬৭২ জন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন ৭২ হাজার আটজন। গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ হাজার ৭৫১ জন।
এদিকে, চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৯ জনে। এর মধ্যে সর্বশেষ ২৪ ঘণ্টাতেই মারা গেছেন ছয়জন।
তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে মোট ১ লাখ ২ হাজার ৮৬১ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। ওই বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪১৩ জনের।
এর আগে ২০২৪ সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং মারা যান ৫৭৫ জন।
আর ২০২৩ সালে ডেঙ্গুর প্রকোপ ছিল আরও ভয়াবহ। ওই বছর হাসপাতালে ভর্তি হন মোট ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং ডেঙ্গুতে প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।
চাটগাঁ নিউজ/এমকেএন






