মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন পণ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর কর্ণফুলী মার্কেটে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন মিষ্টান্ন-দুগ্ধজাত পণ্য বিক্রি, অননুমোদিত রং ও রাসায়নিকযুক্ত পণ্য বিক্রি এবং মাছ বিক্রিতে কারচুপির অভিযোগে তিন প্রতিষ্ঠানকে মোট ২৯ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) কর্ণফুলী মার্কেটে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে মেয়াদোত্তীর্ণ ও মেয়াদবিহীন বিভিন্ন ধরনের মিষ্টান্ন এবং দুগ্ধজাত পণ্য বিক্রির দায়ে দেশি ডেইরি অ্যান্ড দই ঘরকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অননুমোদিত ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ এবং অনুমোদনহীন রাসায়নিকযুক্ত কেওড়াজল বিক্রির অভিযোগে মানিক স্টোরকে ৪ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অন্যদিকে, ক্রেতাদের সঙ্গে প্রতারণা করে বেশি দামের মাছের সঙ্গে কম দামের মাছ মিশিয়ে বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় দেবব্রত দাসের মাছের দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বলেন, জনস্বার্থ রক্ষা এবং বাজারব্যবস্থা নিয়ন্ত্রণে রাখতে এ ধরনের তদারকিমূলক অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top