তিন মাস না পেরোতেই স্থগিত চবি ছাত্রশক্তির কমিটি

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা জাতীয় ছাত্রশক্তির কমিটি স্থগিত করেছে কেন্দ্র। গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। কমিটির শাখা সভাপতির নিষ্ক্রিয়তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংগঠনটির একাধিক সূত্র জানিয়েছে।

জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সংসদের সভাপতি আবু বাকের মজুমদার ও সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরীর জরুরি সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি স্থগিত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ স্থগিতাদেশ বহাল থাকবে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চলতি বছরের ২৭ জুলাই বিশ্ববিদ্যালয় শাখা ৫২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দিয়েছিল কেন্দ্র। কমিটিতে আব্দুল্লাহ আল মাহাথিরকে সভাপতি, মো. ইসমাইলকে সাধারণ সম্পাদক ও মো. উলফাতুল রহমানকে সাংগঠনিক সম্পাদক করা হয়। তবে কমিটি ঘোষণা পর থেকেই সভাপতি আব্দুল্লাহ আল মাহাথির নিষ্ক্রিয় ছিলেন। সংগঠনটির ব্যানারে উল্লেখযোগ্য কোনো কর্মসূচিও হয়নি। এ নিয়ে সংগঠনটির অন্য নেতাদের মধ্যে অসন্তোষ ছিল।

এ অসন্তোষের মধ্যেই গতকাল রাতে কেন্দ্রের সঙ্গে সভা করে শাখা কমিটি। এ বৈঠকে আব্দুল্লাহ আল মাহাথিরকে নিয়ে অভিযোগ জানানো হয়। পরে কমিটি স্থগিত ঘোষণার সিদ্ধান্ত নেয় কেন্দ্র। এ সভায় দ্রুত কমিটি পুনর্গঠন করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

এ বিষয়ে স্থগিত কমিটির সাধারণ সম্পাদক মো. ইসমাইল বলেন, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী কমিটির কয়েকটি পদে পরিবর্তন আসতে পারে। এ কারণে মূলত কমিটি স্থগিত করা হয়েছে। কারণ, কেন্দ্রীয় কমিটি নবায়নের প্রয়োজন মনে করেছে।

শাখা জাতীয় ছাত্রশক্তির স্থগিত কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মাহাথির বলেন, ‘আমি ব্যক্তিগতভাবে ক্যারিয়ার নিয়ে ভাবছি। আমার ছাত্রজীবনও প্রায় শেষের দিকে, মাস্টার্স শেষ করছি। ঢাকায় যাওয়ার পরিকল্পনা করছি। এখানে সংগঠনকে নিয়মিত সময় দিতে পারছি না। এতে আমার ইউনিট ক্ষতিগ্রস্ত হচ্ছে। তাই আমি নিজেই আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়ে নতুন নেতৃত্বের হাতে দায়িত্ব তুলে দেওয়ার কথা ভাবছি। বিষয়টি গুরুতর কিছু নয়।’

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক তাহমীদ আল মুদ্দাসসীর চৌধুরী বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার কমিটি প্রত্যাশা অনুযায়ী কার্যকর ভূমিকা রাখতে পারছিল না। এ ছাড়া কেন্দ্রীয় কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের প্রক্রিয়াও চলছে। এসব বিবেচনায় সংগঠনের কার্যক্রম গতিশীল করতে গতকাল রাতে জরুরি সাংগঠনিক সভায় কমিটি স্থগিতের সিদ্ধান্ত হয়। সভায় ৫২ সদস্যের কমিটির ৩০ জনের বেশি উপস্থিত ছিলেন।’

তাহমীদ আল মুদ্দাসসীর বলেন, ‘স্থগিত কমিটির সভাপতির নিষ্ক্রিয়—এমন অভিযোগ রয়েছে। তবে শুধু একটি নির্দিষ্ট কারণে কমিটি স্থগিত করা হয়নি। পুরো কমিটির কার্যক্রমে গতি আনা এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অন্যান্য ছাত্রসংগঠনের তুলনায় জাতীয় ছাত্রশক্তিকে আরও সক্রিয় ও গতিশীল করাই আমাদের মূল লক্ষ্য।’

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top