চট্টগ্রামে দেশের প্রথম সাইকেল ট্র্যাক, উদ্বোধন শিগগির

চাটগাঁ নিউজ ডেস্ক : চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর ও পতেঙ্গা সমুদ্র সৈকতসংলগ্ন সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাক নির্মাণের কাজ প্রায় শেষ হয়েছে। শিগগিরই ট্র্যাকটি উদ্বোধন করে নগরবাসী ও পর্যটকদের জন্য উন্মুক্ত করা হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র শাহাদাত হোসেন।

বৃহস্পতিবার দুপুরে বিমানবন্দর এলাকায় চলমান সড়ক উন্নয়নকাজ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

মেয়র বলেন, চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই নগরী হিসেবে গড়ে তুলতে শুধু সড়ক সম্প্রসারণ করলে হবে না, নিরাপদ ও বিকল্প যাতায়াত ব্যবস্থাও গড়ে তুলতে হবে। এর অংশ হিসেবে ‘চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় বিমানবন্দর সড়কে পৃথক সাইকেল ট্র্যাক নির্মাণ করা হয়েছে।

চসিক সূত্র জানিয়েছে, প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ বিমানবন্দর সড়কটি চার লেনের। সড়কের দুই পাশে রয়েছে ফুটপাত। মাঝখানে কার্বস্টোন দিয়ে নির্মাণ করা হয়েছে মিড আইল্যান্ড। সড়কের এক পাশে ল্যান্ডস্কেপিং ও ওয়াকওয়ের সঙ্গে রাখা হয়েছে সাইকেল চলাচলের জন্য পৃথক ট্র্যাক। এতে একই এলাকায় পথচারী ও সাইকেল আরোহীদের জন্য আলাদা চলাচলের সুযোগ তৈরি হয়েছে।

শাহাদাত হোসেন বলেন, পৃথক সাইকেল লেন থাকায় সাইকেল আরোহীদের নিরাপত্তা বাড়বে। পাশাপাশি নগরবাসীর জন্য পরিবেশবান্ধব যাতায়াতের একটি বিকল্প ব্যবস্থা তৈরি হবে। এতে সাইকেল ব্যবহারের প্রবণতা বাড়ার পাশাপাশি নগরবাসীকে স্বাস্থ্যকর ও সক্রিয় জীবনযাপনে উৎসাহিত করা সম্ভব হবে।

বিমানবন্দর সড়কের গুরুত্ব তুলে ধরে মেয়র বলেন, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের অন্যতম প্রধান প্রবেশদ্বার। প্রতিদিন দেশি-বিদেশি বিপুলসংখ্যক যাত্রী এ সড়ক ব্যবহার করেন। ফলে এ এলাকার সড়কব্যবস্থা শুধু যান চলাচলের সঙ্গে সম্পর্কিত নয়; চট্টগ্রামের ভাবমূর্তি ও পর্যটনের সঙ্গেও এর সরাসরি সম্পর্ক রয়েছে। এ কারণে এলাকাটিতে নিরাপদ, নান্দনিক ও পরিকল্পিত অবকাঠামো গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, পতেঙ্গা সমুদ্র সৈকত চট্টগ্রামের অন্যতম জনপ্রিয় পর্যটনকেন্দ্র। বিমানবন্দর সড়ক থেকে সমুদ্র সৈকতসংলগ্ন এলাকায় নিরাপদ সাইকেল চলাচলের সুযোগ তৈরি হলে পর্যটকেরা সাইকেলে করে সমুদ্রতীরবর্তী এলাকা ঘুরে দেখার সুযোগ পাবেন। এর মাধ্যমে চট্টগ্রামে সাইকেলভিত্তিক পর্যটনের নতুন সম্ভাবনাও তৈরি হতে পারে।

মেয়র আরও বলেন, আধুনিক নগর পরিকল্পনায় নিরাপদ ফুটপাত, সাইকেল লেন, পথচারীবান্ধব অবকাঠামো ও সবুজায়নকে গুরুত্ব দেওয়া হয়। চট্টগ্রামেও ধাপে ধাপে এ ধরনের অবকাঠামো গড়ে তোলা হবে। বিমানবন্দর সড়কের সাইকেল ট্র্যাক সেই পরিকল্পনার অংশ।

বিনিয়োগ ও পর্যটনের বিকাশে নিরাপদ সড়ক, উন্নত যোগাযোগব্যবস্থা ও পরিকল্পিত নগর অবকাঠামোর প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি। এ লক্ষ্যেই বিমানবন্দর ও পতেঙ্গাসহ নগরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোকে আধুনিকায়নের আওতায় আনা হচ্ছে বলে জানান মেয়র।

পরিদর্শনকালে চসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top