রাঙ্গুনিয়া কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেপ্তার

রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পোমরা গোচরাবাজার এলাকা থেকে তাকে মোটরসাইকেলসহ গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. সোহেল হোসেন (৩০) রাঙ্গুনিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি। তিনি রাঙ্গুনিয়া পৌর এলাকার ৪ নম্বর ওয়ার্ডের ঘাটচেক এলাকার মো. হারুনের ছেলে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে পাহাড়তলী-চুয়েট বিট পুলিশ চেকপোস্টে একটি মোটরসাইকেলের গতিরোধের চেষ্টা করা হয়। এ সময় মোটরসাইকেল চালক পুলিশের সংকেত অমান্য করে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। পরে পুলিশ ধাওয়া করে পোমরা গোচরাবাজার এলাকায় মোটরসাইকেলসহ সোহেল হোসেনকে আটক করে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৭ জুন রাঙ্গুনিয়ায় বিএনপির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়িবহরে হামলার ঘটনায় সোহেল হোসেনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহির উদ্দিন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, সোহেল হোসেনের বিরুদ্ধে একাধিক সুনির্দিষ্ট মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। এছাড়া তার বিরুদ্ধে অন্য কোনো মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন

Scroll to Top