ঈদগাঁওয়ে নিজ ঘর থেকে ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁওয়ে নিজ বসতঘর থেকে ছৈয়দ নুর (৫০) নামে এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের টেকপাড়া ডান্ডিবাজার এলাকার একটি ঘর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত ছৈয়দ নুর ওই এলাকার ছব্বির মাঝির ছেলে।

স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, দুপুরের পর স্থানীয় এক ব্যক্তি তাকে ফোন করে জানান, ছৈয়দ নুরের ঘরের দরজা ভেতর থেকে বন্ধ রয়েছে এবং ঘরের ভেতরে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যাচ্ছে। খবর পেয়ে তিনি বিষয়টি ঈদগাঁও থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ইউপি সদস্য নজরুল ইসলাম আরও জানান, ছৈয়দ নুর দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কিছুদিন আগে তিনি স্ট্রোকও করেছিলেন বলে তিনি শুনেছেন। পরিবারের সঙ্গে না থেকে দীর্ঘদিন ধরে তিনি আলাদা একটি ঘরে একাই বসবাস করতেন।

তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা ময়নাতদন্তের আগে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না বলে জানান ইউপি সদস্য।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার জানান, প্রাথমিকভাবে রশিতে ঝুলন্ত অবস্থায় একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনানুগ প্রক্রিয়া গ্রহণ করা হচ্ছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ ও রহস্য জানা যাবে।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top