চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মেডিসিন ও সার্জারি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরী।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে উপাচার্য হিসেবে যোগদানের পর তিনি বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম শুরু করেন। এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান নবনিযুক্ত উপাচার্য।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬-এর ১০(১) ধারা অনুযায়ী শিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরীকে সিভাসুর উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে চার বছর অথবা তাঁর অবসর গ্রহণের তারিখ—এর মধ্যে যেটি আগে হবে, সেই সময় পর্যন্ত তিনি উপাচার্য পদে দায়িত্ব পালন করবেন।
এর আগে অধ্যাপক ইউসুফ ইলাহী চৌধুরী সিভাসুর উচ্চশিক্ষা ও গবেষণা দপ্তরের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বিশ্ববিদ্যালয়ের বীর মুক্তিযোদ্ধা আবদুল্লাহ আল নোমান হলের প্রভোস্ট এবং মেডিসিন ও সার্জারি বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়া তিনি হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বোর্ডের সদস্য এবং সিভাসু অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।
অধ্যাপক ড. মোহাম্মদ ইউসুফ ইলাহী চৌধুরীর জন্ম কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায়। তিনি সিভাসু থেকে ডক্টর অব ভেটেরিনারি মেডিসিন (ডিভিএম) ডিগ্রি অর্জন করেন। পরে দক্ষিণ কোরিয়ার চুংনাম ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এমএসসি ও পিএইচডি এবং যুক্তরাষ্ট্রের টেক্সাস টেক ইউনিভার্সিটি থেকে পোস্ট-ডক্টরেট সম্পন্ন করেন।
২০০৩ সালে সিভাসুর মেডিসিন ও সার্জারি বিভাগে প্রভাষক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ ২৩ বছর ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমের সঙ্গে যুক্ত রয়েছেন অধ্যাপক ইউসুফ ইলাহী চৌধুরী।
চাটগাঁ নিউজ/এমকেএন






