চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের পাহাড়তলী এলাকায় অভিযান চালিয়ে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, পোড়া তেল ব্যবহার, ক্ষতিকর রং ও কেমিক্যাল বিক্রি এবং পণ্যের উৎস সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে পাহাড়তলী বাজার ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করে চট্টগ্রামের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রামের কর্মকর্তারা।
অভিযানে সবচেয়ে বেশি জরিমানা করা হয় পাহাড়তলী এলাকার লোকনাথ ফুড প্রোডাক্টসকে। অপরিচ্ছন্ন পরিবেশে চানাচুর, বুট ভাজাসহ বিভিন্ন খাদ্যপণ্য উৎপাদন, সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ এবং খাদ্য তৈরিতে পোড়া তেল ব্যবহারের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া পাহাড়তলী বাজারের মেসার্স কাউসার এন্টারপ্রাইজকে খাদ্যদ্রব্যে ব্যবহারের জন্য ক্ষতিকর কেওড়া জল বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের ফেনী স্টোরকে ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ বিক্রির দায়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অন্যদিকে, তৃতীয় পক্ষের কাছ থেকে সংগ্রহ করা ঘি নিজেদের উৎপাদিত পণ্য হিসেবে বিক্রির অভিযোগে আর এন সুপার বাঘাবাড়িকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটি বাঘাবাড়ির ঘি নিজেদের মোড়কে প্যাকেটজাত করে বিক্রি করছিল বলে অভিযানে উল্লেখ করা হয়।
চট্টগ্রামের জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপপরিচালক ফয়েজ উল্ল্যাহ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/এসএ






