জ্বালানি তেলের প্রভাব: বন্দরে বাড়ল কনটেইনার হ্যান্ডলিং চার্জ

চাটগাঁ নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে কনটেইনার হ্যান্ডলিং চার্জ বাড়িয়েছে বেসরকারি কনটেইনার ডিপো মালিকদের সংগঠন (বিকডা)। সর্বশেষ পর্যালোচিত হারের উপর ফুয়েল সার চার্জ হিসেবে ৯ দশমিক ৮৫ শতাংশ চার্জ বৃদ্ধির সার্কুলার জারি করেছে সংগঠনটি, যা আজ সোমবার (২১ সেপ্টেম্বর) থেকেই কার্যকর হয়েছে।

একই কারণে চুক্তির দর সমন্বয়ের দাবি জানিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে বার্থ ও টার্মিনাল অপারেটরগুলোর সংগঠন।

বিষয়টি নিশ্চিত করে বিকডার মহাসচিব রুহুল আমিন সিকদার বলেন, দেশে ডিজেলের দাম ১৭ দশমিক ৪ শতাংশ অর্থাৎ লিটারপ্রতি ১১৫ টাকা থেকে বেড়ে ১৩৫ টাকা হওয়ায় বেসরকারি ইনল্যান্ড কনটেইনার ডিপোগুলোর (আইসিডি) জ্বালানি-নির্ভর পরিচালন কার্যক্রমে এ ফুয়েল সারচার্জ কার্যকর করা হয়েছে।

এর ফলে চট্টগ্রাম বন্দর, পতেঙ্গা কনটেইনার টার্মিনাল (পিসিটি) এবং আইসিডির মধ্যে খালি কনটেইনার পরিবহন বা হলেজ চার্জ, লিফট-অন বা লিফট-অফ চার্জ, রপ্তানি পণ্য স্টাফিং ও হ্যান্ডলিং প্যাকেজ, রপ্তানি পণ্যবাহী কনটেইনারের ভিজিএম চার্জ এবং আমদানি পণ্য ডেলিভারি প্যাকেজের মতো খাতগুলোতে এ বাড়তি খরচ যুক্ত হবে।

এদিকে, কনটেইনার হ্যান্ডলিং চুক্তিদরের সাথে বর্তমান জ্বালানি তেলের বর্ধিত মূল্য সমন্বয়ের জন্য সোমবার (২১ সেপ্টেম্বর) চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান বরাবর চিঠি দিয়েছেন বার্থ অপারেটরস, শিপহ্যান্ডলিং অপারেটরস অ্যান্ড টার্মিনাল অপারেটরস ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলে ইকরাম চৌধুরী।

চিঠিতে বলা হয়েছে, ২০২২ সালের ১৯ জানুয়ারি ওটিএম পদ্ধতিতে আহ্বানকৃত দরপত্রের অনুকূলে তৎকালীন জ্বালানি ও বাজারদরের ভিত্তিতে অপারেটররা চুক্তিদর নির্ধারণ করেছিলেন। কিন্তু ওই বছরের ৫ আগস্ট হঠাৎ ডিজেলের দাম লিটারপ্রতি ৩৪ টাকা বেড়ে যায়। সে সময় দর সমন্বয়ের আবেদন করে চিঠি দেওয়া হলেও কর্তৃপক্ষের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, পরবর্তীতে ডিজেলের দাম লিটারপ্রতি আরও ১৫ টাকা বাড়ে এবং সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর তা লিটারপ্রতি আরও ২০ টাকা বেড়ে বর্তমানে ১৩৫ টাকায় দাঁড়িয়েছে। দরপত্র দাখিলের সময়ের তুলনায় জ্বালানির এই দাম বৃদ্ধি অত্যন্ত অস্বাভাবিক। দেশের অন্যান্য সব সেক্টরে এরই মধ্যে জ্বালানি তেলের বর্ধিত মূল্য সমন্বয় করা হয়েছে। যেহেতু কনটেইনার হ্যান্ডলিংয়ের কাজটি পুরোপুরি পরিবহন-নির্ভর, তাই বর্তমান জ্বালানি খরচের সাথে কনটেইনার হ্যান্ডলিং চুক্তির দর সমন্বয় করে চার্জ বৃদ্ধির জন্য জরুরি ভিত্তিতে ব্যবস্থা নিতে বন্দর চেয়ারম্যানের কাছে আবেদন জানিয়েছে সংগঠনটি।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top