চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় ইটবাহী ডাম্পারের সঙ্গে যাত্রীবাহী সিএনজি অটোরিকশার সংঘর্ষে নারী ও শিশুসহ চারজন গুরুতর আহত হয়েছেন।
সোমবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার কর্ণফুলী টানেল সংযোগ সড়কের কালাবিবির দিঘির মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন—বাঁশখালী উপজেলার কালিপুর এলাকার কার্তিক ধর (৩০), ইকন ধর (১৯), ইটান ধর (১০) এবং সিএনজি অটোরিকশাচালক টুন্টু জলদাশ (৩০)। তারা সবাই একই পরিবারের সদস্য বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় চট্টগ্রাম থেকে একটি সিএনজি অটোরিকশা দ্রুতগতিতে বাঁশখালীর দিকে যাচ্ছিল। এ সময় কালাবিবির দিঘির মোড়ের উত্তর পাশে একটি ইটবাহী ডাম্পার ইউটার্ন নেওয়ার সময় সিএনজি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে সিএনজি অটোরিকশাটি প্রায় ১০০ হাত দূরে ছিটকে পড়ে এবং দুমড়েমুচড়ে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেন। গুরুতর আহত ইকন ধর ও টুন্টু জলদাশকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. পায়েল জানান, আহত চারজনের মধ্যে দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন, দুর্ঘটনাকবলিত ডাম্পার ও সিএনজি অটোরিকশাটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনার পর ডাম্পার চালক পালিয়ে গেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন






