চাটগাঁ নিউজ ডেস্ক : নগরের পাঁচলাইশ থানার বহদ্দারহাট-বাদুরতলা এলাকায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে কয়েকটি ফেসবুক আইডি থেকে মিছিলটির ভিডিও ছড়িয়ে পড়ে। এ ঘটনায় ভিডিও বিশ্লেষণ করে কয়েকজনকে শনাক্ত করেছে পুলিশ।
ভিডিওতে দেখা যায়, আরকান সড়কের বাদুরতলা অংশের একটি গলি থেকে আনুমানিক ২০ থেকে ৩০ জনের একটি দল হাতে ব্যানার নিয়ে দ্রুত মূল সড়কে উঠে আসে। পরে তারা সড়কে দাঁড়িয়ে প্রায় এক মিনিট বিভিন্ন স্লোগান দেন। এরপর দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন তারা।
পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক বলেন, ভিডিওটি পুলিশের নজরে এসেছে। সম্ভবত এটি সকালের দিকে ধারণ করা। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। কয়েকজনকে শনাক্ত করা হয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
চাটগাঁ নিউজ/এসএ






