উখিয়া প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও সেনাবাহিনীর যৌথ চেকপোস্টে পৃথক দুটি যানবাহনে তল্লাশি চালিয়ে ৫০ হাজার ৮৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় ৮ এপিবিএন এ তথ্য নিশ্চিত করেন৷
৮ এপিবিএন জানায়, বুধবার (২১ অক্টোবর) রাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের গয়ালমারা প্রধান সড়কে বিদ্যুৎ অফিসের সামনে শফিউল্লাহকাটা পুলিশ ক্যাম্পের সদস্য ও সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ চেকপোস্ট পরিচালনা করা হয়। এ সময় প্রথমে একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে রোহিঙ্গা নাগরিক মো. ইসমাইলের হেফাজত থেকে ৮৬৮ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি বালুখালী ৯ নম্বর ক্যাম্পের সি/২ ব্লকের বাসিন্দা। তাঁর বাবার নাম সোলতান আহম্মদ।
পরে রাতে সন্দেহজনক একটি মিশুক অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় চালক নুরুল হাসানের হেফাজত থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তিনি পালংখালী ইউনিয়নের বাসিন্দা।
দুটি অভিযানে ৫০ হাজার ৮৬৮ পিস ইয়াবা উদ্ধারসহ দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়া থানা-পুলিশকে হস্তান্তর করা হয়।
৮ এপিবিএনের অধিনায়ক রিয়াজ উদ্দিন আহমদ বলেন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে ৮ এপিবিএন সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
চাটগাঁ নিউজ/ইব্রাহিম/এসএ






