কক্সবাজার এক্সপ্রেসের ধাক্কায় পিকআপ দ্বিখণ্ডিত, বন্ধ ট্রেন চলাচল

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের পটিয়ায় কক্সবাজার এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনের ধাক্কায় একটি পিকআপ ভ্যান দ্বিখণ্ডিত হয়েছে। এ ঘটনায় পিকআপ চালক আহত হয়েছেন। দুর্ঘটনার পর ওই রুটে ট্রেন চলাচল সাময়িক বন্ধ রয়েছে।

আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নের কমলমুন্সির হাট-মল্লাপাড়া সড়কের রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজার থেকে চট্টগ্রামমুখী কক্সবাজার এক্সপ্রেস আন্তঃনগর ট্রেনটি পটিয়ার কচুয়াই ইউনিয়নের মল্লাপাড়া রাস্তার মাথা এলাকায় পৌঁছালে রেললাইনে থাকা একটি পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় ট্রেনের ধাক্কায় পিকআপ ভ্যানটি দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে পটিয়া রেলওয়ে স্টেশনমাস্টার আবদুস সালাম বলেন, দুর্ঘটনার পর রেলওয়ে পুলিশ পিকআপ ভ্যানটি জব্দ করেছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান। পিকআপ চালক সামান্য আহত হলেও ট্রেনের যাত্রীরা সবাই অক্ষত রয়েছেন।

তবে উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ থাকবে বলেও তিনি জানান।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top