কোতোয়ালীর পেছনে অস্ত্রের মুখে রিকশাযাত্রীকে ছিনতাই, গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামে দিনদুপুরে রিকশাযাত্রীকে ছুরি ঠেকিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় মনির হোসেন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। নগরের কোতোয়ালী থানার পেছনে সতীশ বাবু লেইনে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ঘটে যাওয়া এ ঘটনার একটি ২৭ সেকেন্ডের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।

গ্রেপ্তার মনির হোসেন কুমিল্লার মুরাদনগর থানার মুসাঘাটা এলাকার নূরুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার কালামিয়া বাজার এলাকায় বসবাস করেন।

কোতোয়ালী থানার দায়িত্বশীল এক পুলিশ কর্মকর্তা মনিরকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনায় আরও কয়েকজন জড়িত থাকতে পারেন। তাদের গ্রেপ্তারের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি চলন্ত রিকশার গতিরোধ করে দুই যুবক দুই পাশ থেকে এক যাত্রীর দিকে ছুরি তাক করেন। এরপর ভয়ভীতি দেখিয়ে তার কাছ থেকে টাকা ও মোবাইল ফোন নিয়ে দ্রুত সরে যান তারা।

ভিডিওতে থাকা দুই যুবকের একজনকে জিন্স প্যান্ট ও কালো পোশাকে এবং অন্যজনকে ফুলহাতা শার্ট ও সাদা টি-শার্ট পরা অবস্থায় দেখা যায়। ছিনতাইয়ের সময় ভুক্তভোগীকে আতঙ্কিত অবস্থায় বারবার ‘দিচ্ছি, দিচ্ছি’ বলতে শোনা যায়।

শনিবার ঘটনার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নগরজুড়ে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে মনির হোসেনকে গ্রেপ্তার করে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top