কাপ্তাই প্রতিনিধি: কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে গোসল করতে নেমে নিখোঁজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সাজিদ শাহরিয়ার সানমের (২৪) লাশ উদ্ধার করা হয়েছে। নদীতে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় ৪০ ফুট দূরে তার লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
এর আগে আজ রোববার (২০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সীতার পাহাড় এলাকার পাথরঘাটা নামক স্থানে নদীতে ডুবে নিখোঁজের এ ঘটনা ঘটে। পরে বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে নিহত সাজিদের লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন।
তিনি জানান, দুপুর দেড়টার দিকে নদীতে এক যুবকের নিখোঁজ হওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই। পরে উদ্ধারকারী ও ডুবুরি দল নদীতে নিখোঁজ পর্যটকের সন্ধান শুরু করে। নদীতে স্রোত বেশি থাকায় উদ্ধারকাজে কিছুটা সমস্যা হচ্ছিল। রাঙামাটি থেকে একটি ডুবুরি দলও ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযানে যোগ দেয়। পাশাপাশি কাপ্তাই নৌবাহিনী ঘাঁটি শহীদ মোয়াজ্জেমের ডুবুরি দল ও কাপ্তাই থানা পুলিশ উদ্ধারকাজে সহযোগিতা করে।
জানা গেছে, নিহত সাজিদ শাহরিয়ার সানম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের স্নাতক শেষবর্ষের শিক্ষার্থী। তিনি নরসিংদী জেলার রায়পুরা উপজেলার মাহমুদপুর এলাকার অবসরপ্রাপ্ত এএসপি নাছির উদ্দীনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নরসিংদী ও ঢাকা থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল রোববার সকাল ১০টার দিকে কাপ্তাইয়ে পৌঁছায়। স্থানীয় গাইড সঙ্গে নিয়ে তারা কাপ্তাইয়ের সীতার পাহাড়ে ট্র্যাকিংয়ে যান। পাহাড় থেকে নেমে দুপুর দেড়টার দিকে সীতার ঘাট অংশে কর্ণফুলী নদীর পাথরঘাটা এলাকায় নদীতে নামেন তারা। এসময় হঠাৎ স্রোতের টানে গভীর পানিতে তলিয়ে যায় সানম।
নিখোঁজ শিক্ষার্থীর বন্ধু সাইফুল ইসলাম জানান, আমরা ঢাকা থেকে ৯ জন এসে সকালে সীতার পাহাড়ে উঠি। পাহাড় ভ্রমণ শেষ করে নেমে নদী থেকে হাত-মুখ ধোয়ার জন্য ঘাটে নেমেছিলাম। সানম পানিতে নামার কয়েক মুহূর্তের মধ্যেই পানিতে তলিয়ে যায়। আমরা নিজেরা অনেক চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারিনি।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লা অং মারমা বলেন, আজ বিকেলে হাসপাতালে মৃত অবস্থায় সাজিদকে আনা হয়েছে। পানিতে ডুবেই তার মৃত্যু হয়েছে।
এছাড়া ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম ও কাপ্তাই থানার ওসি শেখ মো. মাহমুদুল হাসান রুবেল।
চাটগাঁ নিউজ/ঝুলন/জেএইচ





