নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে প্রাণ গেল মাদ্রাসাছাত্রের

বোয়ালখালী প্রতিনিধি: চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে আয়াতুল ইসলাম সাইহান (১২) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চরণদ্বীপ এলাকায় নানার বাড়িতে বেড়াতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়াতুল ইসলাম সাইহান শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব জ্যৈষ্ঠপুরা গুচ্ছ গ্রামের মকগুল সওদাগরের বাড়ির প্রবাসী মমতাজ আলীর ছেলে। দুই ভাই ও এক বোনের মধ্যে সে ছিল সবার ছোট।

সাইহান ফতেয়ারখীল আল্লামা হাফেজ মুহাম্মদ বজলুর রহমান (রহ.) সুন্নি নূরানী ইবতেদায়ী মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র ছিল।

স্থানীয়রা তাকে পুকুর থেকে উদ্ধার করে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী বলেন, নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে আয়াতুল ইসলাম সাইহানের মৃত্যু হয়েছে।

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. কান্তা অধিকারী বলেন, দুপুর ১টার পর পুকুরে ডুবে যাওয়া এক শিশুকে হাসপাতালে আনা হয়। পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছিল।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, পুকুরে গোসল করতে নেমে সাইহান নিখোঁজ হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। অসাবধানতাবশত পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। সে সাঁতার জানত না।

চাটগাঁ নিউজ/ইয়াসিন/এমকেএন

Scroll to Top