সাতকানিয়ায় পর্যটক এক্সপ্রেসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ায় রেলক্রসিং পার হওয়ার সময় পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়েছে। নিরাপদ রেল পারাপারের দাবিতে একটি ট্রেন আটকে রাখেন এলাকাবাসী।

রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার কালিয়াইশ ইউনিয়নের কাটগর রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—কালিয়াইশ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মাইংগের পাড়ার আহমদ হোসেনের ছেলে আবু তাহের (৫৫) এবং ধর্মপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মুহুরি পাড়ার মৃত সাহাব উদ্দীনের ছেলে আব্দুস শুক্কুর (৪৫)। আব্দুস শুক্কুর অটোরিকশাটির চালক ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে অটোরিকশাটি কাটগর রেলক্রসিং পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। এতে অটোরিকশার দুই আরোহী ঘটনাস্থলেই নিহত হন।

সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দী বলেন, রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় দুজন নিহত হওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। স্থানীয়রা নিরাপত্তার দাবিতে একটি ট্রেন আটকে রেখেছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে পুলিশ রয়েছে। বিষয়টি রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top