আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ব্যানারে একটি মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে সংগঠনটির ৪০ থেকে ৫০ জন নেতাকর্মীকে মিছিলে অংশ নিতে দেখা গেছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে। খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার বিকেলে উপজেলার পরৈকোড়া এলাকার প্রধান সড়কে মিছিলটি অনুষ্ঠিত হয় বলে স্থানীয়ভাবে জানা গেছে। তবে মিছিলটি ঠিক কখন অনুষ্ঠিত হয়েছে, তা নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’সহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ‘শেখ হাসিনা আসবে’—এমন স্লোগানও দিতে শোনা যায়। ভিডিওটির দৈর্ঘ্য ২ মিনিট ৪৬ সেকেন্ড।
মিছিলের ব্যানারে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতা রবিউল হায়দারের নাম ও ছবি রয়েছে বলে দেখা গেছে।
এর আগে গত ১৫ আগস্ট ভোরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আনোয়ারা কলেজ সড়কে একটি ঝটিকা মিছিল বের করার অভিযোগ ওঠে ছাত্রলীগের বিরুদ্ধে। পরদিন এ ঘটনায় আনোয়ারা থানায় ৪৫ জনের নাম উল্লেখ করে একটি মামলা করা হয়। মামলায় নাশকতার অভিযোগ আনা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া নতুন ভিডিওটির বিষয়ে জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, আনোয়ারায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের মিছিলের কোনো তথ্য আমাদের কাছে নেই। ভিডিওটি পর্যালোচনা করে দেখা হচ্ছে।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





