চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সন্দ্বীপে মোটরসাইকেলে করে বাড়ি ফেরার পথে ছররা গুলিতে মো. মাসুম উদ্দিন (৪২) নামে এক শ্রমিক দল নেতা আহত হয়েছেন।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিট বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মাসুম উদ্দিন মুছাপুর এলাকার আব্দুল হাদী নতুন বাড়ির নুরুল হাদীর ছেলে। তিনি সন্দ্বীপ উপজেলা জাতীয়তাবাদী শ্রমিক দলের সাধারণ সম্পাদক।
ঘটনার পর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তিনি হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে তাকে নিয়ে আসা ব্যক্তিদের দেওয়া তথ্য অনুযায়ী, রাতে মোটরসাইকেলে করে মুছাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নিজ বাড়িতে যাচ্ছিলেন মাসুম উদ্দিন। এ সময় কয়েকজন ব্যক্তি তাকে লক্ষ্য করে ছররা গুলি ছোড়ে। এতে তিনি আহত হন।
ঘটনার খবর পেয়ে সন্দ্বীপ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন হালদার জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। কারা এবং কী কারণে এ ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





