অপরাধী ও সন্ত্রাসীদের তৎপরতা ঠেকাতে জঙ্গল সলিমপুরে যৌথ অভিযান

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা জঙ্গল সলিমপুরে অপরাধী ও সন্ত্রাসীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ বন্ধ এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সমন্বিত অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের নেতৃত্বে উপজেলার জঙ্গল সলিমপুরের আলীনগর, নবীনগর, ওসমানের ঘোনাসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে পুলিশ, বিজিবি, এসআরবি ও এপিবিএনসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রায় তিন শতাধিক সদস্য অংশ নেন। দুর্গম পাহাড়ি এলাকাগুলোতে আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন বাহিনীর সদস্যরা।

এ সময় কোনো ধরনের অপরাধ, নাশকতা বা সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য পাওয়া গেলে তা দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর জন্য স্থানীয়দের প্রতি আহ্বান জানানো হয়।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, সমন্বিত এ অভিযানের মূল লক্ষ্য হলো অপরাধীদের সংঘবদ্ধ হওয়ার সুযোগ বন্ধ করা, সম্ভাব্য নাশকতার প্রস্তুতি প্রতিহত করা এবং অপরাধ সংঘটনের অনুকূল পরিবেশ তৈরি হতে না দেওয়া। একই সঙ্গে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করাও এ কার্যক্রমের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, জননিরাপত্তা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে জঙ্গল সলিমপুরসহ জেলার গুরুত্বপূর্ণ ও দুর্গম এলাকাগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত কার্যক্রম অব্যাহত থাকবে।

অভিযানে পুলিশ, বিজিবি ও এসআরবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সীতাকুণ্ড থানা পুলিশ এবং সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top