কদমতলী মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের কদমতলী মোড়ে কাভার্ডভ্যানের ধাক্কায় এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সদরঘাট থানার কদমতলী মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক জানান, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় এক মোটরসাইকেল চালককে চমেক হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, কদমতলী মোড় দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় পেছন থেকে একটি কাভার্ডভ্যান তাকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল চালক গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নুরুল আলম আশেক বলেন, নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top