ভোট না দিলে ‘নরকে যেতে হবে’ বলে রিপাবলিকানদের ট্রাম্পের হুশিয়ারি! 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আসন্ন নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) রিপাবলিকান সমর্থকদের ভোট দিতে জোরালো আহ্বান জানিয়েছেন। ভোট না দিলে সমর্থকদের ‘নরকে যেতে হবে’ বলেও মন্তব্য করেছেন তিনি।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) টেক্সাসের ডালাসে রিপাবলিকান পার্টির সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন।

ভাষণে ট্রাম্প দলীয় সমর্থকদের ভোটার উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান। তিনি উপস্থিত জনতাকে শপথ করান যে তারা নির্বাচনে ভোট দেবেন এবং বন্ধু-স্বজনদেরও ভোটকেন্দ্রে নিয়ে যাবেন।

ট্রাম্প বলেন, ‘জানেন, যদি ভোট না দেন তাহলে কী হবে? আপনারা নরকে যাবেন।’ একই সঙ্গে তিনি সমর্থকদের ভোটে জয়ের জন্য সর্বোচ্চ চেষ্টা করার আহ্বান জানান। এ সময় তিনি ডেমোক্র্যাটদের বিরুদ্ধে ব্যাপক ভোট জালিয়াতির অভিযোগও তোলেন।

ভাষণে ট্রাম্প দাবি করেন, তার প্রশাসন মাত্র ১৯ মাসে যুক্তরাষ্ট্রকে একটি ‘অন্ধকার যুগ’ থেকে ‘সোনালি যুগে’ নিয়ে গেছে।

তিনি শেয়ারবাজারের উত্থান, ওষুধের দাম কমে যাওয়া এবং সামরিক ব্যয় বৃদ্ধিকে নিজের প্রশাসনের বড় সাফল্য হিসেবে তুলে ধরেন। ট্রাম্পের ভাষ্য, এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্রকে বিশ্বের ‘জ্বালানি ও সামরিক পরাশক্তি’ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

তিনি বলেন, ‘১৯ মাসে আমি আমার দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি পূরণ করেছি।’ এ সময় তিনি অবৈধ সীমান্ত পারাপার প্রায় বন্ধ হয়ে যাওয়া এবং ওভারটাইম আয়, বকশিশ ও সামাজিক নিরাপত্তা সুবিধার ওপর কর ছাড় দেওয়ার মতো সাম্প্রতিক আইনগত উদ্যোগের কথাও উল্লেখ করেন।

ট্রাম্প সতর্ক করে বলেন, ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে ব্যক্তিগত সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে, টেক্সাসের তেল ও গ্যাস শিল্প ক্ষতিগ্রস্ত হবে এবং অপরাধীরা আবারও রাস্তায় নেমে আসবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top