নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের ষোলশহর রেলস্টেশন এলাকায় একটি শিশুকে বাঁচাতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে দেলোয়ার হোসেন মিন্টু (৫৫) এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এতে রাহাত (১০) নামে শিশুসহ গুরুতর আহত হয়েছেন ২ জন। তাদের তাৎক্ষণিক উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া নেয়া হয়েছে।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) জুমার নামাজের পরে ষোলশহর রেলস্টেশন ও রেলগেট সংলগ্ন এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে ঘটনাস্থলেই শরীর দ্বিখণ্ডিত হয়ে ওই ব্যক্তির মৃত্যু হয়।
অন্যদিকে আহত শিশুটির হাত-পাসহ শরীরের বিভিন্ন অংশ গুরুতর জখম ও বিচ্ছিন্ন হয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রেলগেটসংলগ্ন সড়কের সংস্কার কাজ দীর্ঘদিন ধরে চলার কারণে পথচারীদের বাধ্য হয়ে রেললাইন ঘেঁষে চলাচল করতে হয়। এর ফলেই এই দুর্ঘটনা ঘটে বলে তাদের দাবি।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ষোলশহর রেলওয়ে ক্রসিং এলাকায় ট্রেনের নিচে কাটা পড়ে একজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাহাত নামের এক শিশুকে হাত পা বিচ্ছিন্ন অবস্থায় আনা হয়েছে। তাকে চমেক হাসপাতালে আনার পর ২৬ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়।
চাটগাঁ নিউজ/জেএইচ





