জায়গা নিয়ে বিরোধ, কুপিয়ে যুবকের হাত বিচ্ছিন্ন করার অভিযোগ

ঈদগাঁও প্রতিনিধি: কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুরে রিজার্ভ জায়গার মালিকানা ও দখল নিয়ে বিরোধের জেরে এক পরিবহন ম্যানেজারকে এলোপাতাড়ি কুপিয়ে হাত বিচ্ছিন্ন করে দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজনের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ইসলামপুর ইউনিয়নের পূর্ব নাপিতখালী এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

হামলায় গুরুতর আহত নাছির উদ্দীন ওই এলাকার রশিদ আহমদ কোম্পানীর ছেলে। তিনি স্থানীয় ‘নাপিতখালী ট্রান্সপোর্ট’-এর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রিজার্ভ জায়গার মালিকানা ও দখল নিয়ে নাছির উদ্দীনের সঙ্গে একটি প্রতিপক্ষের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এরই জেরে বৃহস্পতিবার বিকেলে স্থানীয় বদি আলম ও তাঁর সহযোগীরা ধারালো অস্ত্র নিয়ে নাছির উদ্দীনের ওপর হামলা চালান বলে অভিযোগ রয়েছে।

এ সময় হামলাকারীদের ধারালো অস্ত্রের কোপে নাছির উদ্দীনের একটি হাত শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে চকরিয়ার মালুমঘাট হাসপাতালে ভর্তি করেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম. শিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

ওসি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

চাটগাঁ নিউজ/সেলিম/এমকেএন

Scroll to Top