আনোয়ারা প্রতিনিধি: চট্টগ্রামের আনোয়ারায় বিদ্যুৎ সংযোগের কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চাতরী চৌমুহনী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে ২-৩ জন ব্যক্তি বিদ্যুতের থ্রি-ফেজ লাইনে কাজ করছিলেন। এ সময় তাদের মধ্যে একজন বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমারের কাছে ৩৩ হাজার ভোল্টের লাইনের তারের কাছাকাছি চলে যান। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ট্রান্সফরমারের সঙ্গে ঝুলে পড়েন।
পরে তার সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে খুঁটি থেকে নামিয়ে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আনোয়ারা পল্লী বিদ্যুতের ডিজিএম মোরশেদুর রহমান বলেন, আহত ব্যক্তি পল্লী বিদ্যুতের একজন ঠিকাদারের কর্মী। তারা সড়ক ও জনপথ বিভাগের বৈদ্যুতিক সংযোগের খুঁটিতে কাজ করছিলেন। অসাবধানতাবশত কাজ করার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে খুঁটিতে ঝুলে পড়েন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এমকেএন





