রাঙ্গুনিয়া প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একাধিক ব্যবসাপ্রতিষ্ঠান ও একটি ডেন্টাল চেম্বার ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রানীরহাট বাজারের বগাবিলি রোডসংলগ্ন এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। খবর পেয়ে কাউখালী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি, ১১টি দোকানের ৯ জন মালিকের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে ইয়াছিন আরাফাতের ইলেকট্রনিকস ও গিফট আইটেমের তিনটি দোকান, রফিক স্টোর, কাপড়ের দোকান, ক্রোকারিজের দোকান, মুদি দোকান এবং নান্টু ডাক্তারের ডেন্টাল চেম্বার পুড়ে গেছে।
তবে ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাব অনুযায়ী, অগ্নিকাণ্ডে তিনটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ১০ লাখ টাকার মালামাল পুড়ে গেছে এবং ৩০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।
এদিকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা বলছেন, ফায়ার সার্ভিসের প্রাথমিক হিসাবের চেয়ে তাদের প্রকৃত ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি। তাদের দাবি, সব মিলিয়ে অর্ধকোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন ও প্রয়োজনীয় সহায়তার দাবি জানিয়েছেন।
চাটগাঁ নিউজ/জগলুল/এমকেএন





