‘শুভাকাঙ্ক্ষীর’ পাঠানো তেল নেয়নি হাসপাতাল, ৬০ লিটার পাঠানোর দাবি এমপির
আনোয়ারা হাসপাতালে ২০০ লিটার ডিজেল ঘিরে গুঞ্জন

আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিদ্যুৎ বিভ্রাটের কারণে রোগীদের জরুরি স্বাস্থ্যসেবা ব্যাহত হচ্ছে। জ্বালানি সংকটে অচল হয়ে পড়া দুটি আধুনিক জেনারেটর চালু করতে বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে একটি ভ্যানগাড়িতে করে ২০০ লিটার ডিজেল হাসপাতালে আনার পর সেটি ঘিরে শুরু হয়েছে নানা গুঞ্জন ও পাল্টাপাল্টি দাবি।

বৃহস্পতিবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে হাসপাতালের জরুরি স্বাস্থ্যসেবা সচল রাখতে চরম জ্বালানি সংকটের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষ থেকে ২০০ লিটার ডিজেল পাঠানো হয়েছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, পরিচয় নিশ্চিত না হওয়ায় তারা ওই তেল গ্রহণ করেনি।

আনোয়ারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে একটি ভ্যানে এক ড্রাম তেল নিয়ে একজন ব্যক্তি হাসপাতালে আসেন। তিনি তেল সরবরাহকারীর নাম-পরিচয় জানাতে পারেননি। এ কারণে আমরা তেলগুলো গ্রহণ করিনি। অজ্ঞাত ব্যক্তির পরিচয় না জানা পর্যন্ত তেল নিতে পারব না—এ কথা জানিয়ে দেওয়ার পর তারা নিজেরাই ড্রামটি রেখে চলে যান।’

তিনি বলেন, ‘জরুরি ভিত্তিতে হাসপাতালের জেনারেটর চালু রাখার জন্য বর্তমান সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম তাঁর ব্যক্তিগত সচিব আকতার নবীর মাধ্যমে ৬০ লিটার জ্বালানি তেল পাঠিয়েছেন। পাশাপাশি স্থানীয়ভাবে জ্বালানি সমস্যার সমাধানের আশ্বাসও দিয়েছেন তিনি।’

এর আগে বৃহস্পতিবার দুপুরে ২০০ লিটার ডিজেল নিয়ে একটি ভ্যান আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসে। এরপর ‘এক শুভাকাঙ্ক্ষী হাসপাতালের জন্য জ্বালানি তেল পাঠিয়েছেন’—এমন খবর ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে। কিছুক্ষণ পর ওই তেল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পক্ষ থেকে পাঠানো হয়েছে দাবি করে কয়েকটি পোস্ট দেওয়া হয়।

এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমান সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের সমালোচনাও শুরু হয়। একাধিক নেটিজেন প্রশ্ন তোলেন, সাবেক ভূমিমন্ত্রী যদি হাসপাতালের জন্য জ্বালানি পাঠাতে পারেন, তাহলে বর্তমান সংসদ সদস্যের পক্ষ থেকে কেন আগে কোনো উদ্যোগ নেওয়া হয়নি।

তবে এর পরপরই সরওয়ার জামাল নিজামের নেতাকর্মীরা পাল্টা দাবি করেন, ২০০ লিটার তেলের সঙ্গে সংসদ সদস্যের কোনো সম্পর্ক নেই। তাদের দাবি, হাসপাতালের জেনারেটর চালু রাখতে সংসদ সদস্য নিজেই ৬০ লিটার জ্বালানি তেল পাঠিয়েছেন।

এ বিষয়ে আনোয়ারা উপজেলা বিএনপি নেতা আক্তার নবী বলেন, ‘তেল সংকটের কারণে হাসপাতালের জেনারেটর চালু করা যাচ্ছে না এবং এতে রোগীদের দুর্ভোগ হচ্ছে—এমন খবর গণমাধ্যমে জানতে পারেন সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম। পরে তিনি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেন। আপাতত সংকট কাটাতে তাঁর নির্দেশে ৬০ লিটার জ্বালানি তেল হাসপাতালে পাঠানো হয়েছে।’

২০০ লিটার তেলের বিষয়ে তিনি বলেন, ‘মেডিকেলে অন্য কেউ তেল পাঠিয়েছে কি না, আমি জানি না। তবে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, নাম-পরিচয় গোপন রেখে কে বা কারা একটি তেলের ড্রাম পাঠিয়েছে। পরে পরিচয় না দেওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তেলটি গ্রহণ করেনি।’

আক্তার নবী আরও বলেন, ‘সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম আগামী শনিবার আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে আসবেন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে জ্বালানি সংকটসহ বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’

এদিকে, হাসপাতালে ২০০ লিটার ডিজেল নিয়ে ভ্যান আসা এবং পরে সেটি গ্রহণ না করার ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন তৈরি হয়েছে। কে বা কারা ওই তেল পাঠিয়েছিল, তাদের পরিচয় কী এবং কী উদ্দেশ্যে তেল পাঠানো হয়েছিল—তা নিয়ে চলছে আলোচনা।

অন্যদিকে, বিদ্যুৎ বিভ্রাটের সময় জরুরি সেবা সচল রাখতে হাসপাতালের নিজস্ব জেনারেটর থাকলেও জ্বালানি সংকটের কারণে সেগুলো সচল রাখা না গেলে রোগীদের ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে। ফলে রাজনৈতিক পাল্টাপাল্টি দাবির বাইরে হাসপাতালের নিয়মিত জ্বালানি সরবরাহ নিশ্চিত করে জরুরি স্বাস্থ্যসেবা নির্বিঘ্ন রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

হাসপাতাল সূত্রে জানা যায়, ২০১৮ সালে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করতে স্বাস্থ্য অধিদপ্তর ৫ লাখ টাকায় ১০ কেভি ক্ষমতার একটি জেনারেটর সরবরাহ করে। পরে ২০২৪ সালে ৩০ কেভি আরও একটি জেনারেটর দেন হাসপাতালে। তবে জ্বালানি তেলের বরাদ্দ না থাকায় কোনো জেনারেটরই চালু রাখা সম্ভব হচ্ছে না।

সম্প্রতি সারা দেশে তীব্র বিদ্যুৎ-বিভ্রাটের কারণে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীরা ভোগান্তিতে পড়ে। হাসপাতালে দুটি জেনারেটর থাকলেও জ্বালানি সংকটের কারণে এসব জেনারেটর চালানো সম্ভব হয় না। এ নিয়ে সিপ্লাসটিভিতে সংবাদ প্রচারের পর সমালোচনার ঝড় ওঠে।

চাটগাঁ নিউজ/সাজ্জাদ/এসএ

Scroll to Top