জাহাজ বণ্টনে নির্দেশনা অমান্য, স্থগিত ৪ শিপ হ্যান্ডলিং অপারেটরের লাইসেন্স!

চাটগাঁ নিউজ ডেস্ক: জাহাজ বণ্টন সংক্রান্ত চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের (চবক) নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন না করার অভিযোগ পাওয়া গেছে চারটি শিপ হ্যান্ডলিং অপারেটরের বিরুদ্ধে। তাই সাময়িকভাবে তাদের লাইসেন্সের তালিকাভুক্তি স্থগিত করেছে চবক।

অপারেটরগুলো হলো— মেসার্স শী কোস্ট শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড, মেসার্স ইউনিয়ন ট্রেডার্স, মেসার্স প্যাসিফিক ইন্টারন্যাশনাল লিমিটেড এবং মেসার্স বাংলাদেশ ইন্টারন্যাশনাল।

আজ বুধবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

চিঠিতে উল্লেখ করা হয়, বন্দর কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স ও কাজের অনুমতি পাওয়া শিপ হ্যান্ডলিং অপারেটরদের মধ্যে জাহাজ বণ্টনের ক্ষেত্রে দেওয়া নির্দেশনা প্রতিষ্ঠানগুলি সঠিকভাবে প্রতিপালন করেনি।

এতে আরও বলা হয়, এ ধরনের কার্যক্রম চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ শিপ হ্যান্ডলিং অপারেটর নীতিমালা-২০১৫-এর অনুচ্ছেদ ‘গ’-এর ৭.৪ ধারার ব্যত্যয়। এ কারণে চবক বোর্ডের ২৭ জুলাই ২০২৬ তারিখের সিদ্ধান্তের আলোকে প্রতিষ্ঠানগুলোর শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্সের তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

চিঠিতে বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের নির্দেশক্রমে এ আদেশ জারি করা হয়েছে।

এ সিদ্ধান্তের অনুলিপি ডেপুটি ট্রাফিক ম্যানেজার (অপারেশনস), চবক চেয়ারম্যানের পিএস, চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ শিপ হ্যান্ডলিং অ্যান্ড বার্থ অপারেটরস অ্যাসোসিয়েশন এবং বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনকে পাঠানো হয়েছে।

উল্লেখ্য শ্রম আইনের বিধান অনুযায়ী ‘বার্থ অপারেটরস, শীপ হ্যান্ডলিং অপারেটরস এন্ড টার্মিনাল অপারেটর্স ওনার্স এসোসিয়েশন’-কে ২৮/০৪/২০১০ তারিখে ট্রেড ইউনিয়ন হিসেবে নিবন্ধন দেওয়া হয়।

২০১৬ সালে ‘বাংলাদেশ শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটরস এসোসিয়েশন’ উক্ত নিবন্ধন বাতিলের জন্য রীট দায়ের করলেও শ্রম অধিদপ্তর, চট্টগ্রাম বিভাগ ১৩/০৬/২০১৬ তারিখে বার্থ অপারেটর এন্ড শীপ হ্যান্ডলিং অপারেটর এন্ড টার্মিনাল অপারেটর ওনার্স এসোসিয়েশন, রেজি: ২৫৪৬কে আইনসম্মত ঘোষণা করে।

পরবর্তীতে অভিযোগ ওঠে, অপর সংগঠনটি আইনগত এখতিয়ার ছাড়াই চট্টগ্রাম বন্দরে কার্যক্রম ও শিপ হ্যান্ডলিং অপারেটর কমিটি পরিচালনা করছে।

জাহাজ বরাদ্দ নিয়ে বন্দর কর্তৃপক্ষ একাধিকবার কৈফিয়ত তলব ও সতর্ক করলেও সন্তোষজনক জবাব দেয়নি বাতিল হওয়া সংগঠন বাংলাদেশ শিপ হ্যান্ডলিং এন্ড বার্থ অপারেটরস এসোসিয়েশন। ফলে ২৭/০৭/২০২৬ তারিখের বোর্ড সভায় নিয়ন্ত্রক হিসেবে থাকা চারটি প্রতিষ্ঠানের শিপ হ্যান্ডলিং অপারেটর লাইসেন্সের তালিকাভুক্তি সাময়িকভাবে স্থগিত করা হয়।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top