সিএনজি অটোরিকশায় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি, গ্রেপ্তার ১

চাটগাঁ নিউজ ডেস্ক : পটিয়া উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে দেশি অস্ত্র ও সিএনজিচালিত অটোরিকশাসহ আন্তঃজেলা ডাকাতদলের সদস্য মো. সোহাগকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কুসুমপুরা ইউনিয়নের শান্তিরহাট বাজার এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

তার কাছ থেকে দুটি রামদা, একটি ছুরি ও একটি লোহার শাবল উদ্ধার করা হয়েছে। সোহাগ, ভোলা জেলার চরফ্যাশন থানার ওসমানগঞ্জ এলাকার নুরুল ইসলাম মাঝির ছেলে।তিনি পটিয়ার জিরি ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকায় বসবাস করতেন।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক জানান, শান্তিরহাট এলাকায় অস্ত্রসহ কয়েকজন ডাকাত সিএনজি অটোরিকশায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোরে অভিযান চালিয়ে আল মক্কা ফার্নিচার মাঠের সামনে মহাসড়ক থেকে সোহাগকে সিএনজি অটোরিকশাসহ গ্রেপ্তার করা হয়।

এ সময় তার সহযোগী আরও চারজনসহ অজ্ঞাত চার থেকে পাঁচজন পৃথক একটি সিএনজি অটোরিকশায় পালিয়ে যায়।

এ ঘটনায় থানায় মামলা হয়েছে। সোহাগকে আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top