চট্টগ্রামের সাতকানিয়া থেকে তরুণীর মরদেহ উদ্ধার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়া থেকে পায়েল মজুমদার (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মজুমদার পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত পায়েল মজুমদার ওই এলাকার ঈশ্বরের টেক মজুমদার বাড়ির দুলাল মজুমদারের মেয়ে।

পরিবারের সদস্যরা জানান, সকালে পায়েলকে তার নিজ শোবার ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তারা। পরে তার বাবা উদ্ধার করে কেরানীহাটের আশশেফা হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের দাবি, পায়েল মানসিকভাবে অসুস্থ ছিলেন। স্থানীয়রা জানান, ঘরের কাজকর্ম নিয়ে ভুল হলে প্রায়ই তাকে মায়ের বকাঝকা শুনতে হতো। ঘটনার দিন সকালেও হাঁড়ি-পাতিল মাজা নিয়ে মায়ের সঙ্গে তার বকাঝকা হয়। এরপর অভিমান করে পায়েল আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করছেন স্বজনেরা।

তবে এটি আত্মহত্যা নাকি মৃত্যুর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা এখনো নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, তরুণীর আত্মহত্যার খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top