চাটগাঁ নিউজ ডেস্ক: দীর্ঘদিনের আর্থিক সংকট কাটিয়ে সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যক্তি আমানতকারীদের জমা অর্থের মূল অংশ ফেরত দেওয়ার কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) থেকে সংশ্লিষ্ট শাখা ও উপশাখার মাধ্যমে গ্রাহকদের আমানতের মূল টাকা ফেরত দেওয়া হচ্ছে।
ব্যাংক সূত্রে জানা গেছে, আমানতের অর্থ ফেরত পেতে গত ১ সেপ্টেম্বর থেকে ৬ সেপ্টেম্বর পর্যন্ত গ্রাহকদের কাছ থেকে আবেদন নেওয়া হয়। বিভিন্ন শাখা ও উপশাখায় জমা হওয়া আবেদনগুলো যাচাই-বাছাই শেষে প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। এরপর গ্রাহকদের চাহিদা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট শাখায় পাঠানো হচ্ছে। সেখান থেকেই গ্রাহকরা টাকা উত্তোলন করতে পারছেন।
ব্যাংক কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী, আপাতত ব্যক্তি আমানতকারীদের শুধু জমা অর্থের মূল অংশ ফেরত দেওয়া হচ্ছে। আমানতের বিপরীতে প্রাপ্য মুনাফা পরবর্তী সময়ে পরিশোধ করা হবে। অন্যদিকে, প্রাতিষ্ঠানিক আমানতকারীদের জন্য ঘোষিত স্কিমের বাইরে এখনই অর্থ উত্তোলনের সুযোগ রাখা হয়নি।
ব্যাংকের তথ্য অনুযায়ী, ছয় দিনের আবেদন কার্যক্রমে প্রায় ৭৫ হাজার গ্রাহক অর্থ ফেরতের আবেদন করেছেন। এসব আবেদনের বিপরীতে চাহিদার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩ হাজার ৯২৫ কোটি টাকা। গ্রাহকদের অর্থ ফেরত দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে ৫ হাজার কোটি টাকা সরবরাহ করেছে।
প্রাথমিকভাবে গত ১ সেপ্টেম্বর থেকেই অর্থ বিতরণের কথা থাকলেও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করতে কিছুটা সময় লাগায় কার্যক্রম পিছিয়ে যায়। ফলে নির্ধারিত সময়ের কয়েক দিন পর সোমবার থেকে আনুষ্ঠানিকভাবে গ্রাহকদের টাকা ফেরত দেওয়া শুরু হয়েছে।
ব্যাংক খাতে দীর্ঘদিনের সংকট মোকাবিলায় এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক—এই পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’ গঠন করা হয়। এর আগে এসব ব্যাংকের গ্রাহকদের আমানত ফেরত পাওয়া নিয়ে দীর্ঘদিন ধরে অনিশ্চয়তা ছিল।
নবগঠিত ব্যাংকটির মোট মূলধন ৩০ হাজার কোটি টাকা। এর মধ্যে সরকার ২০ হাজার কোটি টাকা দিয়েছে। একীভূত পাঁচ ব্যাংকে মোট আমানতকারীর সংখ্যা প্রায় ৭৬ লাখ এবং তাদের জমার পরিমাণ প্রায় ১ লাখ ৪২ হাজার কোটি টাকা। এর মধ্যে ব্যক্তি আমানতকারীদের সঞ্চয়ী হিসাবে রয়েছে প্রায় ১৫ হাজার কোটি টাকা।
অন্যদিকে, ব্যাংকগুলোর মোট ঋণের পরিমাণ প্রায় ১ লাখ ৯২ হাজার কোটি টাকা। এর প্রায় ৮৬ শতাংশই খেলাপি ঋণে পরিণত হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





