অকেজো পাজেরো জিপ, ল্যান্ড ক্রুজারসহ ৮ গাড়ির নিলাম

চাটগাঁ নিউজ ডেস্ক : কাস্টম হাউসের অকেজো আটটি গাড়ি নিলামে বিক্রি করা হচ্ছে। এর মধ্যে তিনটি মিতসুবিশি পাজেরো, ১টি মিতসুবিশি, তিনটি টয়োটা সেলুন ও একটি টয়োটা ল্যান্ড ক্রুজার। ১৯৯২ থেকে ২০০৯ সালের মধ্যে জাপানে তৈরি এসব গাড়ি যে অবস্থায় রয়েছে, সেই অবস্থায় বিক্রি হবে।

সোমবার (৯ নভেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ ও প্রশাসন) শরীফ মুহাম্মদ আল আমিনের সই করা জরুরি নিলাম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।

আগ্রহী ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সিলমোহরযুক্ত খামে দরপত্র আহ্বান করা হয়েছে। আগামী ২৫ নভেম্বর দুপুর ১২টার মধ্যে চট্টগ্রাম কাস্টমস হাউসের নির্ধারিত দরপত্র বাক্সে দরপত্র ফেলতে হবে।

একই দিন দুপুর সাড়ে ১২টায় দরদাতাদের উপস্থিতিতে দরপত্র খোলা হবে।

১০ থেকে ২৪ নভেম্বর পর্যন্ত অফিস চলাকালীন ক্যাটালগ ও দরপত্র দলিলসহ (প্রতিটি গাড়ির জন্য শিডিউল মূল্য ৫০০ টাকা) নির্ধারণ করা হয়েছে। এ অর্থ নির্ধারিত চালানের মাধ্যমে পরিশোধ করতে হবে।

দরপত্রের সঙ্গে প্রতিটি গাড়ির নির্ধারিত মূল্যের ১০ শতাংশ জামানত (ফেরতযোগ্য) পে-অর্ডারের মাধ্যমে কমিশনার, কাস্টম হাউস, চট্টগ্রামের অনুকূলে জমা দিতে হবে।

আগ্রহী ক্রেতারা প্রতিদিন অফিস চলাকালীন দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউস প্রাঙ্গণে গাড়িগুলো সরেজমিনে দেখতে পারবেন। অকেজো ঘোষিত এসব যানবাহন পুনরায় নিবন্ধনের যোগ্য নয়।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top