দুর্ঘটনার চারদিন পর না ফেরার দেশে এইচএসসি পরীক্ষার্থী মাহিন

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত এইচএসসি পরীক্ষার্থী মাহিন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে গত বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে হাটহাজারী-নাজিরহাট সড়কের মির্জাপুর ইউনিয়নের চারিয়া বোর্ড স্কুলের সামনে সিএনজি অটোরিকশা ও একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে মাহিনসহ চার এইচএসসি পরীক্ষার্থী আহত হন। দুর্ঘটনায় সিএনজি অটোরিকশাচালক মো. এরশাদ (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। একই ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও তিনজন আহত হন।

দুর্ঘটনায় মাহিন গুরুতর আহত হওয়ায় প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে এভারকেয়ার হাসপাতালে কয়েকদিন ধরে চিকিৎসাধীন ছিলেন তিনি।

দীর্ঘ চিকিৎসার পরও শেষ পর্যন্ত মাহিনকে বাঁচানো সম্ভব হয়নি। সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাহিন চলতি বছরের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া। সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীরা প্রিয় শিক্ষার্থীর এমন মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

স্থানীয়রা জানান, অল্প বয়সে একজন সম্ভাবনাময় শিক্ষার্থীর এমন করুণ মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top