কর্মস্থলে অনুপস্থিত, তবু ৪৭ লাখ টাকা বেতন-ভাতা গ্রহণ চবি শিক্ষকের

চাটগাঁ নিউজ ডেস্ক : শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে যোগ না দেওয়া এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪৭ লাখ টাকার বেশি বেতন-ভাতা গ্রহণসহ তিনটি সুনির্দিষ্ট অভিযোগের সত্যতা পাওয়ায় এক শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সিন্ডিকেট।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫৬৮তম সিন্ডিকেট সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ড. সোমা দত্ত শিক্ষা ছুটি শেষে কর্মস্থলে অনুপস্থিত ছিলেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অনুমতি না নিয়ে একাধিকবার বিদেশ ভ্রমণের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পাশাপাশি কর্মস্থলে অনুপস্থিত থেকেও বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৪৭ লাখ টাকা বেতন-ভাতা গ্রহণ করেন তিনি। এ সব বিষয় তদন্তে কমিটিও গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মো. হাছান মিয়া জানান, তিনটি সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণ হওয়ায় শিক্ষক সোমা দত্তের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সিন্ডিকেট সিদ্ধান্ত নিয়েছে।

বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতিরেকে দেশের বাহিরে অবস্থান করায় বিশ্ববিদ্যালয় থেকে ভোগকৃত বেতন ভাতা ফেরত দিতে হবে। পাশাপাশি চাকরিচ্যুতির মত সিদ্ধান্তও নিতে পারে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।

চাটগাঁ নিউজ/এসএ

Scroll to Top