বহদ্দারহাট থেকে সরানো হলো ২০০ অবৈধ দোকান, উন্মুক্ত হলো ফুটপাত 

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট মসজিদের সামনে থেকে শাহ আমানত সেতু সড়কের বহদ্দার পুকুর পাড় পর্যন্ত সড়ক ও ফুটপাত থেকে প্রায় ২০০ অবৈধ দোকান উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। এতে করে উন্মুক্ত হয়েছে দীর্ঘদিন বেদখলে থাকা ফুটপাত।

আজ রোববার (৬ সেপ্টেম্বর) চসিক পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

তিনি বলেন, বহদ্দারহাট মসজিদের সামনে থেকে বহদ্দারপুকুর পাড় পর্যন্ত সড়ক ও ফুটপাতে আজ অভিযান চালানো হয়েছে। উচ্ছেদের মাধ্যমে পথচারী ও যানবাহন চলাচলের রাস্তা পুরোপুরি মুক্ত করা হয়েছে। নগরীতে অবৈধ দোকান ও ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তা-কর্মচারী, চান্দঁগাও থানা ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যবৃন্দ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

চাটগাঁ নিউজ/জেএইচ

Scroll to Top