চট্টগ্রাম রেঞ্জে মাদকবিরোধী অভিযান, ৩০৯ জন গ্রেপ্তার

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম রেঞ্জের ১১ জেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত পুলিশি কার্যক্রমে গত ২৪ ঘণ্টায় ৩০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ ইয়াবা, গাঁজা ও হুইস্কি উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) চট্টগ্রাম রেঞ্জ পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেপ্তার ৩০৯ জনের মধ্যে নিয়মিত মামলায় ৮৮ জন, পুলিশ অ্যাক্টের ৩৪ ধারায় ১০ জন এবং ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটজন রয়েছেন। এ ছাড়া বিভিন্ন মামলার পরোয়ানায় ১০১ জন এবং সাজা পরোয়ানায় ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

অভিযানের অংশ হিসেবে মাদকসংক্রান্ত মামলায় আরও ৮৫ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ২৯ জনকে মাদক ব্যবসায়ী, একজনকে মাদক বহনকারী এবং ৫৫ জনকে মাদকসেবী হিসেবে শনাক্ত করা হয়েছে।

অভিযানকালে পুলিশ ১৫ হাজার ৬৮৫ পিস ইয়াবা, ১৭০ কেজি ৩১৪ গ্রাম গাঁজা এবং ১০ বোতল হুইস্কি উদ্ধার করেছে।

এদিকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩৯ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে আদালতের মাধ্যমে ১২ হাজার ৪৫০ টাকা অর্থদণ্ডও আদায় করা হয়।

পুলিশ জানায়, এসব ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মোট ২৩টি মামলা দায়ের করা হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top