রাউজানে ট্রাকচাপায় সাবেক ইউপি সদস্য নিহত, সড়ক অবরোধ

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাউজানে সড়ক পার হওয়ার সময় ইটবোঝাই ট্রাকের চাপায় নুরুল ইসলাম (৫৫) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।

রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জলিলনগর এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম রাউজানের বিনাজুরী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য। তিনি উত্তর লেলাংগাড়া গ্রামের আনজু মিয়া সারাংয়ের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি তিন ছেলে ও এক মেয়ের বাবা। পাশাপাশি একটি বেসরকারি বিমা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে নিজ কার্যালয় থেকে বের হয়ে নুরুল ইসলাম সড়ক পার হচ্ছিলেন। এ সময় চট্টগ্রামমুখী একটি দ্রুতগতির ইটবোঝাই ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নুরুল ইসলামের ছেলে মোহাম্মদ সামির অভিযোগ করে বলেন, তাঁর বাবাকে ট্রাকচালক চাপা দিয়ে হত্যা করেছেন। তিনি এ ঘটনায় দায়ী চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। তাঁরা সড়কে নৈরাজ্য ও বেপরোয়া যান চলাচল বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। বিক্ষোভের কারণে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা দেড়টা পর্যন্ত জলিলনগর মোড় দিয়ে দুই পাশের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে সড়কের উভয় প্রান্তে যানবাহনের দীর্ঘ সারি তৈরি হয়।

পরে থানা ও হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধদের সঙ্গে কথা বলেন এবং আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর বেলা দেড়টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনায় নুরুল ইসলাম নিহত হওয়ার ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করলেও আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাসে প্রায় এক ঘণ্টার মধ্যে অবরোধ তুলে নেওয়া হয়।

তিনি আরও জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top