চাটগাঁ নিউজ ডেস্ক: ডেঙ্গু প্রতিরোধে জনগণকে সম্পৃক্ত করে দেশব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও ব্যবস্থাপনা সক্ষমতা বাড়াতে উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোকে আরও প্রস্তুত করার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে ডেঙ্গুর সামগ্রিক পরিস্থিতি ও করণীয় নিয়ে আয়োজিত এক সভায় এসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
সভায় ডেঙ্গু নিয়ন্ত্রণে কেবল সরকারি সংস্থার কার্যক্রমের ওপর নির্ভর না করে সাধারণ মানুষকে ব্যাপকভাবে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বিভিন্ন স্থানে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের বিষয়ে জনসচেতনতা বাড়ানোর নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
মাঠপর্যায়ে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক কর্মসূচিতে দুর্যোগ ব্যবস্থাপনা স্বেচ্ছাসেবকদের পাশাপাশি বিএনসিসি, রোভার স্কাউট ও রেড ক্রিসেন্টের কর্মীদের যুক্ত করার কথাও বলেন তিনি। স্থানীয় পর্যায়ে এসব সংগঠনের সদস্যদের মাধ্যমে জনগণকে সম্পৃক্ত করে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
সভায় উপজেলা পর্যায়ের হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীদের চিকিৎসা ও রোগী ব্যবস্থাপনার সক্ষমতা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। পাশাপাশি হাসপাতালে ভর্তি রোগীদের জন্য মশারি সরবরাহের বিষয়েও আলোচনা হয়। আক্রান্ত রোগীকে কামড়ানো মশার মাধ্যমে যাতে অন্যদের মধ্যে ডেঙ্গু ছড়িয়ে পড়তে না পারে, সে ঝুঁকি কমাতেই এ উদ্যোগ নেওয়ার কথা বলা হয়।
সভায় নেওয়া সিদ্ধান্তগুলো দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘মাঠে এর প্রতিফলন থাকতে হবে।’
ডেঙ্গু মোকাবিলায় চিকিৎসার পাশাপাশি প্রতিরোধমূলক কার্যক্রমকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার পাশাপাশি পরিচ্ছন্নতা ও সচেতনতা কার্যক্রমে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে ব্যাপক উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী শাকিরুল ইসলাম খানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগের সচিব এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চাটগাঁ নিউজ/এমকেএন





