চাটগাঁ নিউজ ডেস্ক : গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত ডেঙ্গু প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদন অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি ২৭ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়া ২৫০ শয্যাবিশিষ্ট চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৯ জন, বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) হাসপাতালে ৮ জন, বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে ৫ জন, সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) চট্টগ্রামে ৩ জন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।
বর্তমানে চট্টগ্রামের সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে ১৮০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে চমেক হাসপাতালেই চিকিৎসা নিচ্ছেন ৮৮ জন।
অন্যদিকে, চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ২ হাজার ৬১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি।
তবে চলতি বছর এখন পর্যন্ত চট্টগ্রামে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ জন বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এবং একজন জেনারেল হাসপাতালে মারা গেছেন।
চাটগাঁ নিউজ/এসএ






