চাটগাঁ নিউজ ডেস্ক: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীদের জন্য নতুন হারে বৃত্তির অর্থ নির্ধারণ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী তিন বছর এ হারে বৃত্তির অর্থ পাবেন নির্বাচিত শিক্ষার্থীরা।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ট্যালেন্টপুলে নির্বাচিত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা এবং সাধারণ বৃত্তিপ্রাপ্তরা মাসে ২২৫ টাকা করে পাবেন। পাশাপাশি উভয় শ্রেণির বৃত্তিধারীরা বছরে এককালীন ২২৫ টাকা করে পাবেন।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত ২৫ আগস্ট জারি করা প্রজ্ঞাপনে জানানো হয়, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে পরবর্তী তিন বছর প্রাথমিক শিক্ষা ট্যালেন্টপুল ও সাধারণ বৃত্তি প্রদান করা হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ট্যালেন্টপুল বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা মাসে ৩০০ টাকা ও বছরে এককালীন ২২৫ টাকা পাবেন। অন্যদিকে সাধারণ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাসিক বৃত্তির হার ২২৫ টাকা এবং বার্ষিক এককালীন অর্থ ২২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।
বৃত্তি পাওয়ার শর্ত
বৃত্তির অর্থ পেতে শিক্ষার্থীদের সদাচরণ, বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি এবং সন্তোষজনক পাঠোন্নতি বজায় রাখতে হবে। এসব বিষয় বিবেচনা করেই বৃত্তির অর্থ প্রদান করা হবে।
এ ছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা দেশের যেকোনো সরকারি বা স্বীকৃতিপ্রাপ্ত বেসরকারি মাধ্যমিক ও নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে বিনাবেতনে ভর্তি হয়ে পড়াশোনার সুযোগ পাবেন।
ব্যাংক হিসাবে যাবে টাকা
বৃত্তির অর্থ সরাসরি শিক্ষার্থীদের ব্যাংক হিসাবে পাঠানো হবে। সরকার ব্যক্তি বা জি-টু-পি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ব্যবস্থায় এ অর্থ প্রদান করবে।
এ জন্য শিক্ষার্থীদের অভিভাবকদের অনলাইন সুবিধাসম্পন্ন তফসিলভুক্ত ব্যাংকে হিসাব খুলতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, বৃত্তির জন্য বরাদ্দ করা অর্থের বিল সংশ্লিষ্ট অর্থবছরের শেষ দিন, অর্থাৎ প্রতি বছরের ৩০ জুনের মধ্যে উত্তোলন করতে হবে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী স্বাক্ষরিত প্রজ্ঞাপনে জানানো হয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মেধাবৃত্তি খাত থেকে প্রাথমিক বৃত্তির অর্থ প্রদান করা হবে।
এদিকে, প্রকাশিত বৃত্তির ফলাফল বা তালিকায় কোনো ত্রুটি পাওয়া গেলে তা সংশোধন, বাতিল বা পুনর্বণ্টনের ক্ষমতা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে সংরক্ষিত থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলের ভিত্তিতে নির্বাচিত শিক্ষার্থীরা ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে নতুন হারে আগামী তিন বছর বৃত্তির সুবিধা পাবেন।
চাটগাঁ নিউজ/জেএইচ






