পটিয়ায় সাবেক এমপির বাড়িতে ১৫ দিনের ব্যবধানে দুই দফা চুরি

চাটগাঁ নিউজ ডেস্ক: পটিয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য নজরুল ইসলামের বসতঘরে আবারও চুরির ঘটনা ঘটেছে। মাত্র ১৫ দিনের ব্যবধানে একই বাড়িতে দ্বিতীয়বার চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) ভোরে পটিয়া পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মকবুল শাহ মাজারসংলগ্ন এলাকায় অবস্থিত বাড়িটিতে এ চুরির ঘটনা ঘটে।

পরিবার সূত্রে জানা গেছে, নজরুল ইসলামের পরিবারের সদস্যরা বর্তমানে চট্টগ্রাম নগরীতে বসবাস করেন। পটিয়ার বাড়িটিতে কেয়ারটেকার হিসেবে মো. লিটন থাকতেন। তবে তিনি অসুস্থ থাকায় বর্তমানে সাবেক এমপির ভাগনে আজাদ বাড়িটিতে অবস্থান করছিলেন।

মঙ্গলবার রাতে আজাদ বাড়িতে না থাকার সুযোগে চোরেরা ঘরের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে আলমারি ভেঙে বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে যায়।

সাবেক এমপির ভাগনে সাইফুল ইসলাম জানান, চোরেরা প্রায় আড়াই ভরি স্বর্ণালঙ্কার, আইপিএসের ব্যাটারি, দামি পিতলের বিভিন্ন সামগ্রী, জামা-কাপড়সহ বেশ কিছু মূল্যবান মালামাল নিয়ে গেছে। একই সঙ্গে পরিবারের পুরোনো বিভিন্ন স্মৃতিচিহ্নও চুরি হয়েছে বলে জানান তিনি।

সাইফুল ইসলাম আরও বলেন, এর মাত্র ১৫ দিন আগেও একই ঘরে চুরির ঘটনা ঘটেছিল। পরপর দুইবার চুরির ঘটনায় পরিবারের সদস্যদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

এ বিষয়ে পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক বলেন, বাড়িটি বর্তমানে পরিত্যক্ত অবস্থায় রয়েছে। চুরির ঘটনা সম্পর্কে তিনি শুনেছেন। ঘটনা সম্পর্কে খোঁজ নেওয়া হচ্ছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top