কর্ণফুলী থানার ইয়াবা মামলায় একজনের যাবজ্জীবন, খালাস ১

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের কর্ণফুলী থানায় দায়ের করা ৪ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধারের মামলায় মো. শফিকুল ইসলাম (৪৬) নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় মনিরুল ইসলাম নামে অপর এক আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস দেওয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) চট্টগ্রাম পঞ্চম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. তাজউল ইসলামের আদালত এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম কুষ্টিয়া সদর থানার শালদহ পশ্চিমপাড়া এলাকার আফি শেখের বাড়ির মৃত আব্দুল শেখের ছেলে।

মামলার নথি ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৭ জুলাই রাত ১১টা ৪০ মিনিটের দিকে কর্ণফুলী থানার মইজ্যারটেক মোড় এলাকায় কর্ণফুলী সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে অভিযান চালায় পুলিশ। এ সময় শফিকুল ইসলামকে আটক করা হয়।

পরে তার সঙ্গে থাকা লাল রঙের একটি শপিং ব্যাগে তল্লাশি চালিয়ে ১০টি বেটনোভেট-সি ক্রিমের টিউব পাওয়া যায়। বিশেষ কৌশলে ওই টিউবগুলোর ভেতরে লুকিয়ে রাখা ছিল ৪ হাজার ৩০০ পিস ইয়াবা।

পুলিশের জিজ্ঞাসাবাদে শফিকুল এসব ইয়াবা মনিরুল ইসলামের কাছ থেকে সংগ্রহ করেছেন বলে তথ্য দেন। এ ঘটনায় দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

মামলাটিতে ২০২১ সালের ৭ ডিসেম্বর আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন। বিচার চলাকালে মামলার আটজন সাক্ষীর মধ্যে পাঁচজনের সাক্ষ্য গ্রহণ করা হয়।

আদালতের বেঞ্চ সহকারী এস এম কাওসার সাগর জানান, সাক্ষ্য ও উপস্থাপিত অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত শফিকুল ইসলামকে দোষী সাব্যস্ত করেন। তাকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অর্থদণ্ড পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ছয় মাস বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

অন্যদিকে, মনিরুল ইসলামের বিরুদ্ধে আনা অভিযোগ রাষ্ট্রপক্ষ প্রমাণ করতে না পারায় তাকে মামলা থেকে খালাস দিয়েছেন আদালত।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top