ইপিজেডে জুয়ার আসরে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬

চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন আমবাগান এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে ১৫ প্যাকেট তাস ও নগদ ৩৩ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।

বুধবার (২ সেপ্টেম্বর) দক্ষিণ হালিশহরের আকবর আলী খালপাড় সিডিএ বালুর মাঠসংলগ্ন আমবাগান এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তাররা হলেন—মো. সাদ্দাম (৩৫), বাসু দে (৩৫), আব্দুল মজিদ (৪০), আরিফ (২৮), মো. আনোয়ার হোসেন (৪৬) ও সাইদ হোসেন শাকিল (২৬)।

ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় বিভিন্ন রঙের ১৫ প্যাকেট তাস ও ৩৩ হাজার ৯০০ টাকা জব্দ করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়ার আসরে থাকা আরও কয়েকজন পালিয়ে যায়।

পুলিশ জানায়, স্থানীয় জুয়াড়ি ওসমান গণি ত্রিপল ও বাঁশ ব্যবহার করে অস্থায়ীভাবে একটি ঘর তৈরি করে সেখানে নিয়মিত জুয়ার আসর পরিচালনা করছিলেন। এর আগে আকবর আলী পকেট গেইট খালপাড় এলাকায় দীর্ঘদিন ধরে চলা একটি জুয়ার ঘর সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত ও পুলিশের যৌথ অভিযানে উচ্ছেদ করা হয়েছিল।

তবে ওই অভিযানের পরও ওসমান গণি নতুন করে জুয়ার আসর বসানোর জন্য ফের অস্থায়ী ঘর তৈরি করেন বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় গ্রেপ্তার ছয়জন, পলাতক সহযোগী ওসমান গণি এবং অজ্ঞাতনামা আরও ১০ থেকে ১২ জনের বিরুদ্ধে ইপিজেড থানায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।

চাটগাঁ নিউজ/এমকেএন

Scroll to Top