চাটগাঁ নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শ্বশুরবাড়ি থেকে সুমাইয়া সিদ্দিকা (২৪) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাতালশাহ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে ইসলামপুর কাতালশাহ পাড়ার আবুল কাশেম বাড়ির আবু বক্করের ছেলে ওমর ফারুকের সঙ্গে প্রেমের সম্পর্কের মাধ্যমে সুমাইয়ার বিয়ে হয়। বর্তমানে তার স্বামী সৌদি আরবে প্রবাসজীবন কাটাচ্ছেন। দম্পতির কোনো সন্তান নেই।
নিহতের বাবা নজরুল ইসলাম প্রকাশ একুশ কোম্পানি বলেন, মেয়ের দাম্পত্য জীবনে পারিবারিক কোনো বড় ধরনের কলহ বা বিরোধ ছিল না। তবে শ্বশুরবাড়িতে এনজিও সংস্থার ঋণ নিয়ে কিছুটা ঝামেলা চলছিল বলে তিনি জানান।
তিনি বলেন, বুধবার দুপুর দেড়টার দিকে পাশের এক ব্যক্তির কাছ থেকে মেয়ের মৃত্যুর খবর পান। পরে দ্রুত শ্বশুরবাড়িতে গিয়ে মেয়েকে বিছানার ওপর মৃত অবস্থায় দেখতে পান। বিষয়টি স্থানীয়রা পুলিশকে জানালে রাঙ্গুনিয়া মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
নিহতের বাবার দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়। তার মেয়েকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে তিনি সন্দেহ করছেন। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন এবং দায়ীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।
চাটগাঁ নিউজ/এমকেএন





