বিনোদন ডেস্ক: ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় জুটি বেঁধে দর্শকের প্রশংসা পেয়েছিলেন শরিফুল রাজ ও সাবিলা নূর। এবার আরও ভিন্নধর্মী গল্প নিয়ে বড় পর্দায় ফিরছেন এই দুই তারকা। সময় ভ্রমণ, রোমান্স ও রহস্যের সমন্বয়ে নির্মিত হতে যাচ্ছে তাদের নতুন সিনেমা ‘কানাভুলা প্যারাডক্স’।
তানিম নূরের প্রযোজনায় নির্মাণ হতে যাওয়া সিনেমাটি দিয়ে বড় পর্দায় পরিচালক হিসেবে অভিষেক ঘটছে আয়মান আসিব স্বাধীন ও সুস্ময় সরকার জুটির। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যাবে শরিফুল রাজ ও সাবিলা নূরকে।
নির্মাতাদের ভাষ্য, প্রচলিত গল্প বলার ধারা থেকে বেরিয়ে দর্শকদের জন্য ভিন্ন স্বাদের একটি সিনেমা উপহার দিতে চান তারা। সময়, সম্পর্ক, স্মৃতি ও রহস্য—এই চারটি উপাদানকে ঘিরেই এগোবে ‘কানাভুলা প্যারাডক্স’-এর গল্প।
সিনেমাটির কাহিনির অনুপ্রেরণা নেওয়া হয়েছে লেখক মোহাইমিনুল ইসলাম বাপ্পীর ২০২৪ সালে প্রকাশিত একই নামের উপন্যাস থেকে। পরিকল্পনা অনুযায়ী সবকিছু এগোলে আগামী বছরের জানুয়ারিতে শুরু হবে সিনেমাটির শুটিং। এরপর ঈদুল আজহাকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে মুক্তির পরিকল্পনা রয়েছে নির্মাতাদের।
পরিচালক হিসেবে আয়মান আসিব স্বাধীনের এটি প্রথম সিনেমা হলেও চলচ্চিত্র ও ওয়েব কনটেন্ট নির্মাণের সঙ্গে তার পরিচয় পুরোনো। এর আগে তানিম নূর পরিচালিত ওয়েব সিরিজ ‘কাইজার’ এবং ‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার চিত্রনাট্য ও সংলাপ রচনায় যুক্ত ছিলেন তিনি।
অন্যদিকে সুস্ময় সরকারও এসব কাজের সঙ্গে যুক্ত ছিলেন গল্পকার ও প্রধান সহকারী পরিচালক হিসেবে। ফলে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার দুজন একসঙ্গে পরিচালকের আসনে বসছেন।
‘উৎসব’ ও ‘বনলতা এক্সপ্রেস’-এর সাফল্যের পর প্রযোজনা প্রতিষ্ঠান বুড়িগঙ্গা টকিজ নতুন এই সিনেমা নিয়ে হাজির হচ্ছে। প্রতিষ্ঠানটির তৃতীয় চলচ্চিত্র হিসেবে নির্মিত হবে ‘কানাভুলা প্যারাডক্স’। নতুন গল্প, ভিন্ন নির্মাণশৈলী আর রাজ-সাবিলার জনপ্রিয় জুটির কারণে সিনেমাটি নিয়ে এরই মধ্যে দর্শকদের আগ্রহ তৈরি হয়েছে।
চাটগাঁ নিউজ/এমকেএন





